হাওজা নিউজ এজেন্সি’র প্রতিবেদন অনুযায়ী, শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমানতদারিতা বলতে শুধু অন্যের সম্পদ যথাযথভাবে ফিরিয়ে দেওয়াকে বোঝায় না; বরং অর্পিত দায়িত্বের যথাযথ হক আদায় করা এবং ক্ষমতা ও সুযোগ-সুবিধার ব্যক্তিগত স্বার্থে অপব্যবহার থেকে বিরত থাকাও এর অন্তর্ভুক্ত। অন্যদিকে, খুশু বা আল্লাহর প্রতি অন্তরের বিনয় ও বিনম্রতা হলো মহান আল্লাহর সঙ্গে মানুষের আত্মিক সম্পর্কের বহিঃপ্রকাশ, যা প্রকৃত আল্লাহর স্মরণের মাধ্যমে অর্জিত হয়।
শহীদ আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনেয়ী মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিসের ব্যাখ্যায় এ দুটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি আলোকপাত করেছেন। তাঁর বক্তব্যের পূর্ণাঙ্গ বিবরণ পাঠকদের জন্য তুলে ধরা হলো:
বিসমিল্লাহির রাহমানির রাহিম
হাদিস:
يَا أَبَاذَرٍّ، إِنَّ أَوَّلَ شَيْءٍ يُرْفَعُ مِنْ هَذِهِ الْأُمَّةِ الْأَمَانَةُ وَالْخُشُوعُ.
অর্থ: ‘হে আবু যার! এই উম্মত থেকে সর্বপ্রথম যে দুটি বিষয় তুলে নেওয়া হবে, তা হলো আমানতদারিতা ও খুশু।’
শহীদ আয়াতুল্লাহ খামেনেয়ী বলেন, আমার মনে হয়, মহানবী (সা.)-এর এই বাণী কেবল ভবিষ্যদ্বাণী হিসেবে বলা হয়নি; বরং এর মধ্যে একটি সামাজিক রহস্য ও সামাজিক নিয়মের কথা তুলে ধরা হয়েছে। অর্থাৎ, যখন মদিনাতুন্নবির আদর্শে একটি সমাজ গড়ে ওঠে, যেখানে ঈমান, উদ্দীপনা, প্রচেষ্টা ও আত্মত্যাগের মানসিকতা বিদ্যমান থাকে, তখন সেই সমাজে প্রথম যে দুটি নৈতিক বিপর্যয় দেখা দিতে পারে, তা হলো—
• আমানতদারিতার বিলুপ্তি।
• আল্লাহর প্রতি অন্তরের বিনয় ও খুশু হারিয়ে ফেলা।
আমরা যখন নিজেদের সমাজের দিকে তাকাই, তখন দেখতে পাই, এ বিষয় দুটি আমাদের সমাজের সঙ্গেও পুরোপুরি প্রাসঙ্গিক।
আমানতদারিতা বলতে বোঝায়, মানুষের হাতে যে পার্থিব সম্পদ ও বস্তুগত সুযোগ-সুবিধা রয়েছে, সেগুলো যথাযথভাবে ও ন্যায়সংগত পথে ব্যবহার করা। কিন্তু কেউ যখন এসব সম্পদ ও সুযোগ-সুবিধার অপব্যবহার করে এবং নিজের ব্যক্তিগত স্বার্থ ও পার্থিব লাভের জন্য কাজে লাগায়, তখন সেটিই আমানতের খেয়ানত।
কাউকে আমানতদার নয় বলা হলে আমরা যেন মনে না করি, এর অর্থ শুধু এই যে, কেউ তার কাছে গচ্ছিত অর্থ যথাযথভাবে মালিকের কাছে ফিরিয়ে দেয়নি। এটি আমানতের খেয়ানতের একটি সাধারণ উদাহরণ মাত্র। এর চেয়ে বড় উদাহরণ হলো, কোনো ব্যক্তির ওপর একটি দায়িত্ব অর্পণ করা হলো, কিন্তু তিনি সেই দায়িত্বের যথাযথ হক আদায় করলেন না। দায়িত্বের সুবাদে যাঁদের প্রাপ্য অধিকার তাঁদের কাছে পৌঁছে দেওয়ার কথা, তা না করে তিনি নিজের স্বার্থের কথা ভাবলেন এবং অর্পিত দায়িত্বকে ব্যক্তিগত সুবিধা অর্জনের মাধ্যম হিসেবে ব্যবহার করলেন।
এটিই আমানতের খেয়ানতের সবচেয়ে গুরুত্বপূর্ণ, বড় ও সুস্পষ্ট দৃষ্টান্ত।
কেউ রাষ্ট্রীয় ক্ষমতা লাভ করলেন, কেউ ক্ষমতার অধিকারী হলেন, আবার কেউ ব্যবস্থাপনা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন। কিন্তু নিজের কর্তব্য পালনের জন্য সেই অবস্থানকে কাজে লাগানোর পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ পূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করলেন। অথচ এসব দায়িত্ব আমাদের ব্যক্তিগত সম্পত্তি নয় এবং এগুলোর মালিকও আমরা নই। বরং নির্দিষ্ট একটি কাজ সম্পন্ন করার জন্য আমাদের ওপর এসব দায়িত্ব অর্পণ করা হয়েছে।
আমি যদি আমার ওপর অর্পিত দায়িত্বটি যে উদ্দেশ্যে দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নের পরিবর্তে ব্যক্তিগত স্বার্থ ও সুবিধা অর্জনের জন্য ব্যবহার করি, তাহলে সেটিই হবে আমানতের খেয়ানত।
খুশু বা আল্লাহর প্রতি অন্তরের বিনয় হলো মানুষের সঙ্গে মহান আল্লাহর সম্পর্কের বহিঃপ্রকাশ। আল্লাহর স্মরণের সর্বোচ্চ পর্যায় হলো, তাঁর মহত্ত্ব ও শ্রেষ্ঠত্বের সামনে মানুষের অন্তর বিনয়, নম্রতা ও নিজেকে ক্ষুদ্র মনে করার অনুভূতিতে পরিপূর্ণ হয়ে ওঠা। এ অবস্থায় পৌঁছানোর জন্য আল্লাহর স্মরণ অপরিহার্য। পূর্ণাঙ্গ ও গভীর আল্লাহর স্মরণের মাধ্যমেই মানুষের অন্তরে খুশু বা বিনয়ের অনুভূতি সৃষ্টি হয়।
এটিও দ্বিতীয় বড় বিপর্যয়। অর্থাৎ, মানুষের অন্তরের সঙ্গে মহান আল্লাহর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেলে এই নৈতিক অবক্ষয় দেখা দেয়।
এগুলোই এমন কোনো সমাজ বা সংগঠনের প্রাথমিক বিপর্যয়, যার সদস্যরা ঈমানের ভিত্তিতে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে কোনো কর্মক্ষেত্রে একত্রিত হয়েছেন এবং এমন একটি পথচলা শুরু করেছেন, যার লক্ষ্যও ঐশী ও আধ্যাত্মিক।
এমন একটি সমাজ বা সংগঠনে যদি এই দুটি বৈশিষ্ট্য—আমানতদারিতার বিলুপ্তি এবং আল্লাহর প্রতি অন্তরের বিনয় হারিয়ে ফেলা—দেখা দেয়, তাহলে সেটিই হবে তার জন্য সবচেয়ে বড় বিপর্যয়। একটি সমাজের ওপর নেমে আসা প্রথম ও ভয়াবহ বিপদগুলোর মধ্যে এটি অন্যতম।
আপনার কমেন্ট